নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
নিহত সাইফুল
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ মিটার ভেতরে বাঁশ কাটতে গিয়ে পুঁতে রাখা ল্যান্ডমাইনে পা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২৪ আগস্ট) সকালে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুলসহ কয়েকজন সীমান্তবর্তী এলাকায় বাঁশ কাটতে গিয়েছিলেন। একপর্যায়ে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় বাঁশ কাটার সময় সাইফুলের পা পুঁতে রাখা একটি ল্যান্ডমাইনের ওপর পড়ে।
বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার মো. সাবেরের ছেলে। তিনি দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সীমান্তের মিয়ানমার অংশে চলমান সংঘাতের মধ্যে বিভিন্ন এলাকায় ল্যান্ডমাইন ও বিস্ফোরক পড়ে থাকার ঝুঁকি রয়েছে। ফলে সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের জীবনের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জীবিকা ও প্রয়োজনের তাগিদে সীমান্তের কাছাকাছি পাহাড়ি এলাকায় যাতায়াত করা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।