রোহিঙ্গা ক্যাম্পে অনলাইন জুয়ার আসর, ১৮ মোবাইলসহ গ্রেপ্তার ৩
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অনলাইন জুয়ার আসর বসিয়ে খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৮ ইস্ট এলাকায় বিশেষ অভিযান ও ব্লক রেইড চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৮ এপিবিএন সূত্র জানায়, ক্যাম্পের সিআইসি কার্যালয়ের সামনে দেলোয়ারের বসতঘরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উখিয়ার জামতলী এলাকার নবী হোসেনের ছেলে শহিদুল ইসলাম ওরফে রেজাউল (২২), বালুখালীর সিরাজুল হকের ছেলে দেলোয়ার (৩৫) এবং ক্যাম্প-৮ ইস্টের বি-৩৫ ব্লকের নুর কামাল (২২)।
পুলিশের দাবি, অভিযান পরিচালনার সময় গ্রেপ্তারের আগে অভিযুক্তরা পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করেন এবং সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আটক করা হয়।
অভিযানস্থল থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এসব ডিভাইসের মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল বলে জানিয়েছে এপিবিএন।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অনলাইন জুয়াসহ যেকোনো অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ৮ এপিবিএন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।