টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে জি-৩ রাইফেল, গুলি ও ২৫ লাখ টাকার ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে জি-৩ রাইফেল, গুলি ও ২৫ লাখ টাকার ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে জি-৩ রাইফেল, গুলি ও ২৫ লাখ টাকার ইয়াবা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে বিদেশি জি-৩ রাইফেল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধারের পাশাপাশি প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে দুই অভিযানের সময়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দলের অবস্থানের খবর পায় কোস্ট গার্ড। ওই দলটি অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে পাহাড়ে অবস্থান করছিল বলে তথ্য পাওয়া যায়।

এর ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ডাকাত দলের সদস্যরা পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল ও ম্যাগাজিন, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গুলি এবং এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে টেকনাফের সাবরাং এলাকায় পৃথক একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সাবরাংয়ের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়িটি থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, পাহাড়ি এলাকায় অপহরণ ও ডাকাতি প্রতিরোধ এবং মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

কোস্ট গার্ডের ধারাবাহিক এসব অভিযানে টেকনাফের পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ অপরাধ, অস্ত্রের ব্যবহার এবং সীমান্তপথে মাদক পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *