দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা উপকরণ পেল শিশুরা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ি জনপদ কাইলা সিং পাড়ায় স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) কাইলা সিং পাড়ায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর প্রায় ১৫০ নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি। স্বাস্থ্যসেবা কার্যক্রমে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। চিকিৎসাসেবা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সীমিত হওয়ায় এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষ করে নারী, বয়স্ক ও নিম্নআয়ের মানুষেরা নিজেদের এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে সন্তোষ দেখা যায়।
শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, শিশুদের মুখে হাসি
স্বাস্থ্যসেবার পাশাপাশি কাইলা সিং পাড়ার কোমলমতি শিক্ষার্থীদের জন্যও নেওয়া হয় বিশেষ উদ্যোগ। স্থানীয় শিশুদের হাতে স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী তুলে দেওয়া হয়।
শিক্ষা উপকরণ ও খেলনা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা যায়। শিশুদের আনন্দে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং বিদ্যালয়মুখী হওয়ার আগ্রহ বাড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।”

স্থানীয়দের ভাষ্য, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক সেবার সুযোগ তুলনামূলকভাবে সীমিত। এমন বাস্তবতায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, বরং দুর্গম এলাকার মানুষের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ ও আস্থার সম্পর্ক আরও জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখছে।
কাইলা সিং পাড়ার মতো দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা ও শিক্ষা সহায়তা নিয়ে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।