লংগদুতে নজরুল বর্ষের বর্ণাঢ্য আয়োজন, গান-আবৃত্তি-নৃত্যে মুখর উপজেলা পরিষদ
![]()
জার্নাল প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সিলাছড়ি হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে মিলনায়তন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসাইন। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তির চেতনার এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত মানুষের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা জাগিয়ে তোলে।

তারা বলেন, বর্তমান প্রজন্মকে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকশিত হওয়ার পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় হবে।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উপস্থিত দর্শক-শ্রোতারা করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে লংগদু উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিকভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হবে। গান, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জাতীয় কবির সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।