কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান

কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান

কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাঙামাটির কাউখালীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব হোসেন।

কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্যের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. রাজীব হোসেন বলেন, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি ও বিদ্রোহী কবি। মাত্র ২২ বছর বয়সে ‘বিদ্রোহী’ কবিতা রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেন। তাঁর সাহিত্যকর্মে অন্যায়, অবিচার, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।

তিনি বলেন, নজরুল ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষ ও মানবতার জয়গান গেয়েছেন। তাঁর সাহিত্য ও দর্শন সমাজে সম্প্রীতি, সাম্য ও মানবিকতার শিক্ষা দেয়। বর্তমান সময়ে সমাজ থেকে বৈষম্য দূর করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে নজরুলের আদর্শ ও চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নজরুলের সাহিত্য ও সংগীতের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, কাউখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল খালেক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিছ।

বক্তারা বলেন, নজরুলের সাহিত্য শুধু বিদ্রোহের কথা বলে না; তাঁর সৃষ্টিতে প্রেম, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের শক্তিশালী বার্তা রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের চিন্তা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ প্রেরণার উৎস হতে পারে।

আলোচনা পর্ব শেষে জাতীয় কবির বিভিন্ন গান পরিবেশন করা হয়। পাশাপাশি বিভিন্ন বয়সের প্রতিযোগীদের অংশগ্রহণে গান, আবৃত্তিসহ নানা বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে উপজেলা পরিষদ প্রাঙ্গণ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গুণীজন, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং বিপুলসংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও আদর্শের সঙ্গে নতুন প্রজন্মকে আরও নিবিড়ভাবে পরিচিত করতেই দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে কাউখালীতে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *