শিশুদের পড়ালেখায় আগ্রহী করতে উখিয়ায় ওয়ার্ল্ড ভিশনের পঠন উৎসব

শিশুদের পড়ালেখায় আগ্রহী করতে উখিয়ায় ওয়ার্ল্ড ভিশনের পঠন উৎসব

শিশুদের পড়ালেখায় আগ্রহী করতে উখিয়ায় ওয়ার্ল্ড ভিশনের পঠন উৎসব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানো এবং আনন্দময় পরিবেশে শিক্ষার সুযোগ তৈরি করতে কক্সবাজারের উখিয়ায় পঠন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ উৎসবে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবৃত্তি, গল্প বলা, দলীয় নৃত্য ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনে অংশ নেয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উখিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জুনিয়র প্রোগ্রাম অফিসার ফ্লোরা তিথি চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গুলশান আক্তার। তিনি বলেন, শিশুদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তুলতে শুধু শ্রেণিকক্ষের প্রচলিত পাঠদান যথেষ্ট নয়। আনন্দময় ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে শিশুদের শেখার সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, পঠন উৎসবের মতো আয়োজন শিশুদের বই পড়া, গল্প শোনা এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়। এতে শিশুদের আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি পড়াশোনার প্রতি ইতিবাচক মনোভাবও তৈরি হবে।

উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কেউ আবৃত্তির মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরে, কেউ গল্প বলার মধ্য দিয়ে সৃজনশীলতার প্রকাশ ঘটায়। দলীয় নৃত্য ও কুইজ প্রতিযোগিতাতেও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ দেখা যায়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শেখার সুযোগও পায়।

আয়োজক ও সংশ্লিষ্টরা বলেন, শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, পঠন দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে আনন্দময় করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে পড়াশোনাকে শুধু পরীক্ষাকেন্দ্রিক না রেখে সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা হলে শিক্ষার্থীদের শেখার আগ্রহ আরও বাড়বে।

ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে আবৃত্তি, নৃত্য, গল্প বলা ও কুইজসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিশুদের পঠন দক্ষতা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উখিয়ার সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক, এডুকেশন স্পেশালিস্ট তপতি রানী সরকার, রাজাপালং এরিয়ার প্রোগ্রাম অফিসার ক্রিস্টোফার কুইয়া এবং জালিয়াপালং এরিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার লরেন্স মণ্ডল।

উৎসবের বিভিন্ন পর্বে শিক্ষক, আয়োজক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হলে শিশুদের মধ্যে বই পড়া ও শেখার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *