টেকনাফে অপহরণের দুই দিন পর কিশোরী উদ্ধার, পালিয়েছে অভিযুক্ত

টেকনাফে অপহরণের দুই দিন পর কিশোরী উদ্ধার, পালিয়েছে অভিযুক্ত

টেকনাফে অপহরণের দুই দিন পর কিশোরী উদ্ধার, পালিয়েছে অভিযুক্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে অপহরণের অভিযোগের দুই দিন পর পারভীন (১৫) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) লেদা ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাকিবুল হাসান (২০) কিশোরীকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে এপিবিএন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া কিশোরী পারভীন টেকনাফের লেদা ক্যাম্পের এ/এলএমএস ব্লকের ৯৯ নম্বর ঘরের বাসিন্দা সামশু আলমের মেয়ে।

এপিবিএন সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী নামার পাড়া এলাকার বাসিন্দা সাকিবুল হাসানের বিরুদ্ধে কিশোরী পারভীনকে অপহরণের অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর কিশোরীকে উদ্ধারে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরই ধারাবাহিকতায় লেদা এপিবিএন ক্যাম্পের সিআইসি শাহরিয়ার বিন মান্নানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শাহীন হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পশ্চিম হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাকিবুল হাসান কিশোরীকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরে এপিবিএনের সদস্যরা পারভীনকে নিরাপদে উদ্ধার করে লেদা ক্যাম্পে নিয়ে আসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে কিশোরীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর কিশোরীকে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য কক্সবাজারের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালতের নির্দেশে কিশোরীকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

এ ঘটনায় কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলাটি ৮ সেপ্টেম্বর দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনাটি লেদা এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতেও (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে।

এদিকে অভিযুক্ত সাকিবুল হাসানকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাকে আইনের আওতায় আনতে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কিশোরী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, কিশোরীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed