বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রধানের মতবিনিময়

বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রধানের মতবিনিময়

বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রধানের মতবিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক ও অনুসন্ধানী সাংবাদিকতা জোরদারের বিষয়ে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রধান ড. সুজান ভাইজ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনেস্কোর বাংলাদেশ প্রধান ড. সুজান ভাইজ, ইউনেস্কো বাংলাদেশ অফিসের প্রজেক্ট লিড-মিডিয়া অ্যান্ড ইলেকশনস অফিসার শাকিল এম ফয়সাল, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকদের কাজের বাস্তবতা ও বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরে ড. সুজান ভাইজ বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সাংবাদিকদের যাতায়াত, ইন্টারনেট সংযোগসহ সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যেও স্থানীয় মানুষের জীবনযাপন, আর্থসামাজিক বাস্তবতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক ও অনুসন্ধানী সংবাদ প্রকাশ করছেন সাংবাদিকরা।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মতো দুর্গম অঞ্চলের স্থানীয় বাস্তবতা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষের জীবন ও অভিজ্ঞতার সঙ্গে জাতীয় ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুর যোগসূত্র তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।

সাংবাদিকতা পেশার বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ইউনেস্কোর বাংলাদেশ প্রধান বলেন, সাংবাদিকতা যেমন কঠিন ও দায়িত্বশীল একটি পেশা, তেমনি প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং এই পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করাও অনেকের জন্য আর্থিকভাবে চ্যালেঞ্জিং। বিশেষ করে গ্রামীণ ও দুর্গম এলাকার সাংবাদিকদের একটি বড় অংশ নিয়মিত বেতন-ভাতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন।

এ কারণে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের কর্মপরিবেশ ও সক্ষমতা উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মত দেন তিনি।

ড. সুজান ভাইজ বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার সুযোগ রয়েছে। আধুনিক সাংবাদিকতার চাহিদা বিবেচনায় নিয়ে সাংবাদিকদের জন্য নিয়মিত ও সময়োপযোগী প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

তিনি বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই, সাংবাদিকদের নিরাপত্তা, ইংরেজি ভাষা, জলবায়ু পরিবর্তন, অনুসন্ধানী সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

তাঁর মতে, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরনও পরিবর্তিত হচ্ছে। ফলে সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহ ও লেখার দক্ষতার মধ্যে সীমাবদ্ধ না থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার, তথ্য যাচাই এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার সক্ষমতাও অর্জন করতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের সময়ে তথ্যের সত্যতা যাচাই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে উঠেছে।

মতবিনিময় সভায় বান্দরবানে কর্মরত সাংবাদিকরা পার্বত্য অঞ্চলে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা, ইন্টারনেট সুবিধার সীমাবদ্ধতা, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং পেশাগত প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।

সভায় ড. সুজান ভাইজ স্থানীয় সাংবাদিকদের আরও তথ্যনির্ভর, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতায় উৎসাহিত করেন। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও স্থানীয় বাস্তবতার নানা দিক জাতীয় পর্যায়ে তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, স্থানীয় মানুষের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাগুলোকে জাতীয় এবং বৈশ্বিক আলোচনার সঙ্গে যুক্ত করে তুলে ধরতে পারলে পার্বত্য অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আরও কার্যকরভাবে নীতিনির্ধারকদের নজরে আসবে।

মতবিনিময় সভায় ইউনেস্কো বাংলাদেশ-এর পক্ষ থেকে সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মতবিনিময় সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।