থানচিতে বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকার নাইন্দারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাই অং প্রু মারমাকে (৬১) অস্ত্রধারীরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের পাশের একটি চায়ের দোকান থেকে অস্ত্রের মুখে তাঁকে ইঞ্জিনচালিত নৌকায় তুলে সাঙ্গু নদীপথে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি ইঞ্জিনচালিত নৌকায় করে নাইন্দারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসে। তারা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে খুঁজতে থাকে। পরে বিদ্যালয়ের পাশের একটি চায়ের দোকানে প্রধান শিক্ষককে পেয়ে তাঁর পরিচয় নিশ্চিত করে। এরপর অস্ত্রের মুখে তাঁকে নৌকায় তুলে সাঙ্গু নদী দিয়ে নিয়ে যায় অস্ত্রধারীরা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উ নু থোয়াই মারমা বলেন, অস্ত্রধারীরা প্রথমে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে খোঁজেন। পরে পাশের চায়ের দোকানে তাঁকে পাওয়া গেলে অস্ত্রের মুখে নৌকায় তুলে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় অস্ত্রধারীরা তাঁর কাছ থেকেও একটি মুঠোফোন নিয়ে যায়।
পারিবারিক সূত্র জানায়, অপহরণের প্রায় এক ঘণ্টা পর প্রধান শিক্ষক চাই অং প্রু মারমা তাঁর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। তবে এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, দুপুরে একটি সশস্ত্র দল নাইদারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে নৌকায় করে সাঙ্গু নদীপথে নিয়ে যায়। এ সময় অন্য শিক্ষকদের কাছ থেকেও মুঠোফোন নেওয়া হয়। প্রধান শিক্ষককে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
ওসি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত প্রধান শিক্ষককে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন।
এদিকে, দিনদুপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগে থানচির দুর্গম এলাকায় কর্মরত শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় কর্মরত শিক্ষকদের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।