কাপ্তাই লেকে পানি বাড়ায় আবারও ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা আবারও বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে লেকের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে বাড়িঘর পানিতে ডুবে যাওয়া এবং ভাঙন দেখা দেওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।
এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে ১০৬ দশমিক ০১ ফুট এমএসএল-এ পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। সে সময় প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে লেকের পানির উচ্চতা ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে জলকপাট খোলার পরিমাণ বাড়ানো হয়।
একপর্যায়ে স্পিলওয়ের প্রতিটি জলকপাট ৩ ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল। এতে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়। পরবর্তীতে লেকের পানির উচ্চতা কমে আসায় স্পিলওয়ের ১৬টি জলকপাটই বন্ধ করে দেওয়া হয়েছিল।
তবে সাম্প্রতিক সময়ে আবারও কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়তে থাকায় শুক্রবার সকাল থেকে জলকপাটগুলো পুনরায় খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, লেকের পানির উচ্চতা ও সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির উচ্চতা ১০৫ ফুটে স্থির হলে গেটগুলো বন্ধ করে দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। তাই লেকের পানি দ্রুত বেড়ে যাওয়ার পরিস্থিতিতে ঝুঁকি কমাতে এবং আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।