কাপ্তাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘কিন্নরী’তে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস করা, নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়মিত বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর রাখার আহ্বান জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।