পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নাগরিক পরিষদের

পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নাগরিক পরিষদের

পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নাগরিক পরিষদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিশেষ তিনটি কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এ উদ্যোগকে পাহাড়ের সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষা, সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত, সার্বভৌমত্ব রক্ষা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

শনিবার দুপুরে রাঙামাটি শহরের কাঁঠালতলীস্থ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা বলেন, দেশের স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পার্বত্য চট্টগ্রামের সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় অতীতে কোনো সরকার এ ধরনের পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকারের গঠিত তিন স্তরের শক্তিশালী কমিটি পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের মূল সমস্যা সমাধান, সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, দেশের সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করেছে। তাদের মতে, পার্বত্য চট্টগ্রামের জটিল ও দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে উচ্চপর্যায়ের এ তিনটি কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, পাহাড়ের সব সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতি, অধিকার ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা কমিটিগুলোকে আন্তরিকতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস ও ইউপিডিএফকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়। নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।