ডেঙ্গু প্রতিরোধে বান্দরবানে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা করে দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বান্দরবান পৌরসভার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস আনুষ্ঠানিকভাবে অভিযানের উদ্বোধন করেন।
এ সময় বান্দরবান পুলিশ সুপার মো. ওয়াহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, জেলা পরিষদের সদস্য লুসাই মং মারমা, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং স্কাউট সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করে ডেঙ্গুবাহী মশার সম্ভাব্য আবাসস্থল ধ্বংস করা হয়। পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা ও পানি অপসারণের পাশাপাশি মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ নষ্ট করার উদ্যোগ নেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে প্রত্যেককে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। এ ক্ষেত্রে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা জানান, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। এ সময়ে বান্দরবান পৌরসভা ও জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিতভাবে বাড়িঘর, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।