উখিয়ায় বনভূমি দখলমুক্ত করতে বনবিভাগের অভিযান, উচ্ছেদ ৭ অবৈধ স্থাপনা
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। এ সময় প্রায় চার একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের মাছকারিয়ার বিল ও দোছড়ি বিটের মোহাম্মাদ আলিরঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
বনবিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় ভূমিদস্যুরা সরকারি বনভূমি জবরদখল করে বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করছিল। বনভূমি রক্ষায় বিষয়টি নজরে আসার পর বনবিভাগ অভিযান পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করে। অভিযানের মাধ্যমে প্রায় চার একর বনভূমি দখলমুক্ত করা হয়।
অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ বনবিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনভূমি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে। সরকারি বনভূমি রক্ষায় জবরদখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বনভূমি দখল ও সেখানে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযানকে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সরকারি বনভূমি রক্ষা করা গেলে বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণে তা ইতিবাচক ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।