পাঁচ মাসের অসুস্থ মেয়েকে বাঁচাতে অসহায় আমেনার আকুতি, প্রয়োজন মানবিক সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া গ্রামের বাসিন্দা আমেনা বেগম। পাঁচ মাস বয়সী প্রতিবন্ধী কন্যা আফরিন রুমিকে নিয়ে চরম অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটছে তার। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে শিশুটি। চিকিৎসকদের মতে, আফরিনের মাথায় পানি জমেছে। হাইড্রোসেফালাসে আক্রান্ত শিশুটির দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন হলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না দরিদ্র মা।
কোলের শিশুকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়ানোর সামর্থ্যও নেই আমেনার। মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে আমেনা বেগম বলেন, “আমার বাবা-মা কেউ বেঁচে নেই। মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতে পারছি না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আমার একটাই আবেদন—আমার মেয়েটাকে বাঁচাতে সাহায্য করুন।”
আমেনা জানান, প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ার পর স্বামীও তাকে গ্রহণ করেননি। ফলে একপ্রকার বাধ্য হয়েই শিশুকন্যাকে নিয়ে তিনি বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কিন্তু সেখানেও নেই কোনো স্থায়ী আয়ের উৎস। নিজের ও শিশুর দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা তার জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জন্মের পর থেকেই আফরিন নানা শারীরিক জটিলতায় ভুগছে। বর্তমানে তার মাথায় পানি জমে যাওয়ায় দ্রুত চিকিৎসা ও অস্ত্রোপচার প্রয়োজন বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। সময়মতো চিকিৎসা না হলে শিশুটির শারীরিক অবস্থা আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমেনার একার পক্ষে এই চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। সমাজের সবাই যদি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ায়, তাহলে হয়তো শিশুটির চিকিৎসা করানো সম্ভব হবে। আমরা মানবিক মানুষের সহযোগিতা কামনা করছি।”
মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন (কমল) বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিশুটির পরিবারের জন্য সহযোগিতার চেষ্টা করা হবে। একই সঙ্গে আফরিনের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্থানীয়রা বলছেন, একটি শিশুর জীবন রক্ষায় এখন সবচেয়ে জরুরি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। অর্থের অভাবে যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আফরিনের জীবন আরও ঝুঁকির মধ্যে না পড়ে, সে জন্য সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।
মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের অপেক্ষায় দিন গুনছেন অসহায় মা আমেনা বেগম। পাঁচ মাসের শিশুটিকে সুস্থ করে তুলতে তার এই লড়াইয়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার জন্য মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
শিশুটির চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে পরিবারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। বিকাশ নম্বর: ০১৬৩৪৩৮৯৫৮৪।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।