রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ আটক, কারাদণ্ড
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই পুরুষকে তিন মাস এবং নারীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আমছড়াপাড়া বাসস্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত পুরুষ হলেন রাজস্থলী উপজেলার হাজীপাড়া গ্রামের ইউছুপ (৫৫)। দণ্ডপ্রাপ্ত নারী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার রাতে আমছড়াপাড়া বাসস্টেশনসংলগ্ন একটি ভাতের হোটেলে ইউছুপের সঙ্গে ওই নারী অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও পুরুষকে আটক করে থানায় নিয়ে যান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ওই নারী এর আগেও কয়েকটি অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে রোববার রাতের ঘটনায় ইউছুপের সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়ে প্রশাসনের কাছে প্রাথমিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায় বলে জানানো হয়েছে।
পরে ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ইউছুপকে তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি ২০০ টাকা জরিমানা করেন। একই ঘটনায় ওই নারীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
স্থানীয়দের দাবি, দণ্ডপ্রাপ্ত নারী মানসিকভাবে ভারসাম্যহীন। তবে তাঁর মানসিক অবস্থার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, আটকের সময় ইউছুপ মদ্যপ অবস্থায় ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের দণ্ডের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ওই নারী ও পুরুষকে কারাগারে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।