চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন আটক, তিন বন্দুক ও ৮৮২ গুলি উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে ডাকাতির প্রস্তুতিকালে আস্তানায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি তিনটি বন্দুক, ৮৮২টি গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারী ডাকাতদলের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
আটকরা হলেন, রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মো. সাগর রানা ওরফে শুটার সাগর (২০), জহুরা বেগম (৪৫) ও শহর বানু (৫৫)। তারা সবাই নবগঠিত মাতামুহুরী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ওসি আরিফুর রহমান জানান, রোববার রাত ১০টার দিকে বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়া পাড়ার একটি বসতঘরে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল দুর্গম পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছে বসতঘরটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। পরে বসতঘরে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি তিনটি বন্দুক, ১১৫টি গুলি, দুটি গুলির খালি খোসা, একটি ক্লিনিং রড এবং অস্ত্র ও গুলি তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি আরিফুর বলেন, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালকাছা পাড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টাকালে ডাকাতদলের সহযোগী হিসেবে অভিযুক্ত নারী শহর বানুকে আটক করা হয়। আটক শহর বানুর দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের পেছনের পুকুর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তার ভেতর থেকে ৭৬৭টি রাইফেলের গুলি পাওয়া যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য বলে স্বীকার করেছে। তারা ডাকাতির পাশাপাশি অস্ত্র কেনাবেচা ও ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত বলেও তথ্য দিয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।