টেকনাফে সীমান্তের কাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছাকাছি এলাকা থেকে আবসার উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারসংলগ্ন বিজিবির সীমান্ত সুইচ গেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
নিহত আবসার উদ্দিন হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের বাসিন্দা ইসমাইলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রায় দেড় কিলোমিটার উত্তরে সুইচ গেট এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে টেকনাফ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) ইমন দত্ত জানান, হ্নীলা মৌলভী বাজারসংলগ্ন বিজিবির সীমান্ত বিওপির পাশে আবসার নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ এবং এ ঘটনায় অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।