দীঘিনালায় অতিরিক্ত মজুদ ও গুদামের বাইরে সংরক্ষণ, ২১ টন সার জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের অতিরিক্ত সার মজুদ এবং নির্ধারিত গুদামের বাইরে সার সংরক্ষণের অভিযোগে ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সার ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারকে সাত দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান এসএস ট্রেডার্সে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি বরাদ্দের সার ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজার সাজ্জাদ হোসেন (২৭), পিতা কামাল উদ্দিন, সাং পশ্চিম থানা পাড়া, দীঘিনালা, খাগড়াছড়িকে সাত দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে মজুদ থাকা ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালা উপজেলার সদর ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) ফারিয়া সুলতানা। সরকারি বরাদ্দের সার নির্ধারিত নিয়মে সংরক্ষণ ও কৃষকদের মধ্যে সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে অভিযানটি পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ কিংবা অনিয়মের মাধ্যমে সাধারণ কৃষকের নাগালের বাইরে চলে না যায়, সে বিষয়ে নিয়মিত তদারকি প্রয়োজন। সরকারি বরাদ্দের সার সঠিকভাবে সংরক্ষণ ও নির্ধারিত পদ্ধতিতে বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।