মহালছড়িতে তথ্য অধিকার দিবস পালিত, ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার আহ্বান
![]()
জার্নাল প্রতিবেদক
“ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা: তথ্য বিশৃঙ্খলা মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব এবং অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরেন। পরে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এম্পাওয়ারমেন্ট প্রকল্প, তৃণমূল উন্নয়ন সংস্থার মহালছড়ি উপজেলা কো-অর্ডিনেটর সোনিয়া দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সূর্পণা দে সম্পু, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাইম্রাচিং মারমা, সদর ইউনিয়ন পরিষদের সচিব প্রয়সি চাকমা, এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার স্মৃতি রঞ্জন ধামাই এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল সময়ে মানুষের কাছে খুব দ্রুত তথ্য পৌঁছে যাচ্ছে। তবে একই সঙ্গে ভুল, বিভ্রান্তিকর ও অপতথ্যও দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি সঠিক তথ্য পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তাই নাগরিকদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি তথ্য যাচাইয়ের বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।
বক্তারা আরও বলেন, তথ্য অধিকার নাগরিক ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে নাগরিকদের সঠিক তথ্য জানার সুযোগ তৈরি হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ে। একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তার উৎস ও সত্যতা যাচাই এবং দায়িত্বশীলভাবে তথ্য সংগ্রহ ও প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের তাৎপর্য, নাগরিকের তথ্য পাওয়ার অধিকার, তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিতকরণ এবং ডিজিটাল যুগে তথ্য বিশৃঙ্খলা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।