মহেশখালীর জনপ্রিয় শিক্ষক জাহাঙ্গীর আলমের জানাজা ও দাফন সম্পন্ন
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের মহেশখালীর জনপ্রিয় শিক্ষক, গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক ও মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা আল জামেয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইন্তেকাল করেন। তিনি মহেশখালী পৌরসভার গোরকঘাটা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর পিতার নাম মরহুম সোলতান আহমদ।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি গোরকঘাটা উচ্চ বিদ্যালয় ও মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান করেছেন। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তিনি স্নেহশীল, দায়িত্বশীল ও আন্তরিক শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় শিক্ষা অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জানাজা ও দাফনপূর্ব স্মৃতিচারণে মরহুমের দীর্ঘ কর্মময় জীবন, শিক্ষকতা এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর ভালোবাসা ও দায়িত্ববোধের কথা তুলে ধরেন মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মাস্টার শাহা আলম, গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৃষ্টি রাম দে, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী, সাবেক মেয়র সরওয়ার আজম, আব্দুর রহিম বাদশা এবং মরহুমের বড় ছেলে আব্দুল্লাহ আল মাসুম।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে আব্দুল্লাহ আল মারুফ।
স্মৃতিচারণে বক্তারা বলেন, মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে একজন আপনজন হিসেবে জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে ভূমিকা রেখেছেন বলে বক্তারা স্মরণ করেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘ কর্মজীবনে গড়ে তোলা অসংখ্য শিক্ষার্থী ও মানুষের ভালোবাসাই ছিল জাহাঙ্গীর আলমের প্রতি শ্রদ্ধার বড় নিদর্শন। তাঁর মৃত্যুতে মহেশখালীর শিক্ষা অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
মরহুমের জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি তাঁর প্রতি স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটায়। সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে তাঁর মৃত্যুতে গভীর শোক বিরাজ করছে। সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।