বেলুচ নারী কমব্যাট ইউনিটের দুর্ধর্ষ অপারেশন, ৯ পাক সেনা নিহত
![]()
জার্নাল প্রতিবেদক
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) কিছুদিন আগে কারিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন (কা’দ) নামে নতুন একটি নারী যোদ্ধা ব্রিগেড গঠন করেছে।
নতুন এই নারী ব্রিগেডের সদস্যরা বেলুচিস্তানের তুরবাত শহর এবং কালাত শহরের মাংচার শহরে অভিযান চালিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর ৯ জন সদস্যকে হত্যাও করেছেন।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, বিদ্রোহী গোষ্ঠীটির তথ্যমতে, কালাতের অভিযানটি ছিল এই ইউনিটের দ্বিতীয় অভিযান। তবে, সেনা সদস্য হতাহতের এই দাবির বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নারী কমান্ডারের যোদ্ধাদের ব্রিফিং
বিএলএফের প্রকাশিত ভিডিওটিতে মূলত ‘নারী যোদ্ধাদের’ প্রাধান্য দেয়া হয়েছে এবং এতে একজন নারী কমান্ডারকে তুরবাতে একটি অভিযানের বিষয়ে ইউনিটের সদস্যদের ব্রিফিং দিতে দেখা যায়।
ফুটেজে কেএএডি সদস্যদের প্রশিক্ষণের দৃশ্যও রয়েছে; এরপরই খুব কাছ থেকে সামরিক গাড়ির কনভয় লক্ষ্য করে যোদ্ধাদের গুলি চালানোর দৃশ্য দেখানো হয়েছে। বিএলএফ দাবি করেছে, তুরবাতের জোসাক এলাকায় সিপিইসি সড়কে ‘কুইক রিঅ্যাকশন ফোর্স’ (কিউআরএফ)-এর কনভয়কে লক্ষ্য করে চালানো হয়েছিল হামলাটি।
বিএলএফ এই ফুটেজটিকে তাদের ইউনিটের প্রশিক্ষণ ও অভিযান পরিচালনার সক্ষমতার প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে। সংগঠনটি জানিয়েছে, দীর্ঘদিনের প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে তারা এই ইউনিটটিকে একটি সুসংগঠিত কমব্যাট বা যুদ্ধক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।