কুতুবদিয়ার বহিঃনোঙ্গরে দুই জাহাজের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত একটির হাল
![]()
জার্নাল প্রতিবেদক
বঙ্গোপসাগরের কুতুবদিয়া বহিঃনোঙ্গরের আলফা অ্যাঙ্করেজ এলাকায় দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি জাহাজের বাম পাশের হালে উল্লেখযোগ্য ক্ষতি হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর উভয় জাহাজকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুতুবদিয়া আলফা অ্যাঙ্করেজের দিকে যাওয়ার সময় এমভি এইচজি সিডনি ও এমভি এপিজে শিরিন নামে দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই উভয় জাহাজের পক্ষ থেকে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ভিটিএমআইএস) বিষয়টি জানানো হয়।
তিনি জানান, সংঘর্ষে এমভি এইচজি সিডনির বাম পাশের হালে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে দুর্ঘটনার পর জাহাজ দুটিকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এমভি এপিজে শিরিনে কয়লা পরিবহন করা হচ্ছিল। সংঘর্ষের ঘটনায় জাহাজটিতে থাকা কয়লার কোনো ক্ষতি হয়নি। একই সঙ্গে দুর্ঘটনার কারণে বঙ্গোপসাগরের ওই এলাকায় কোনো ধরনের দূষণ ছড়িয়ে পড়ার খবরও পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজ দুটির নিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষের কারণে জাহাজ চলাচল বা বহিঃনোঙ্গরের কার্যক্রমে বড় ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।