সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন

সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন

সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান, কারবারী ও ইউপি সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ের নিরাপত্তা, স্থানীয় পর্যায়ে উন্নয়ন এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা জোরদারে সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ।

সম্মেলনে মেজর হাফিজ আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে বর্তমানে পাহাড়ে বিভিন্ন ধরনের মাদকের আনাগোনা বেড়ে যাওয়ায় যুব সমাজের একটি অংশ মাদকের প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে তরুণদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। এ জন্য পাড়া-মহল্লা ও সুবিধাজনক স্থানে ক্রীড়াভিত্তিক ক্লাব গঠন করে সেখানে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারীদের নিজ নিজ এলাকায় মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তরুণ সমাজকে বিভিন্ন ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমান, ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা এবং রাজস্থলী হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি উথিনসিন মারমা।

এ ছাড়া দুই ইউনিয়নের সব ইউপি সদস্য, হেডম্যান ও কারবারীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *