কুতুবদিয়ায় অসহায় মানুষের মাঝে জেলা পরিষদের ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দরিদ্র, অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পরিষদ। মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার ৩৭২ জন অসহায় মানুষের মাঝে মোট ৩০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় কুতুবদিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুতুবদিয়া উপজেলার অসহায় ও আর্থিকভাবে সংকটাপন্ন ৩৭২ জন মানুষের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, দরিদ্র, অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে এ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুদানের অর্থ সংশ্লিষ্ট সুবিধাভোগীদের পারিবারিক ও চিকিৎসাসহ জরুরি প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস সুরাইয়া আক্তারসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্বের অংশ। এ ধরনের আর্থিক সহায়তা অসচ্ছল মানুষের সাময়িক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।