আলীকদমে ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের আলীকদমে নিজ বসতঘর থেকে ছোটন কান্তি দাশ (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিনারী বাজার ভরিরমুখ গ্রামের হিন্দুপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ছোটন কান্তি দাশ ওই এলাকার মৃত দুলাল কান্তি দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ছোটন কান্তি দাশের স্ত্রী ডলি রানী দাশ তাঁর মাসতুতো বোনের সন্তান প্রসবের কাজে সহযোগিতা করতে কক্সবাজারে যান। পরদিন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে তাঁর কথা হয়। এরপর থেকে ছোটন কান্তি দাশের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
রোববার সকাল ১০টার দিকে ছোটন কান্তি দাশের শালা ঝিন্টু দে তাঁর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। তবে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি চলে যান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ডলি রানী দাশ বাড়িতে ফিরে স্বামীকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান।
পরে স্থানীয় নুর ইসলাম, বিপুলা বালা ও সুশিলা বালার সহযোগিতায় ঘরের দরজা খোলা হয়। এ সময় ঘরের পূর্ব পাশের একটি কক্ষে খাটের ওপর ছোটন কান্তি দাশের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাইদ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। তিনি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেন।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, রোববার সন্ধ্যায় চিনারী বাজারের হিন্দুপাড়া থেকে ছোটন নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।