দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে নিয়মিত চিকিৎসাসেবা নিতে সমস্যায় থাকা স্থানীয় বাসিন্দাদের জন্য এ উদ্যোগ স্বস্তি এনে দিয়েছে।
শনিবার ও রোববার (৩ ও ৪ অক্টোবর) সকাল ১০টায় রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের রৌনিন পাড়া ও দূর্নীবার পাড়ায় এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
বান্দরবান রিজিয়নের নির্দেশনায় আয়োজিত দুই দিনের এ চিকিৎসা ক্যাম্পে রৌনিন পাড়া ও দূর্নীবার পাড়ার মোট ১০৪ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা নেওয়া রোগীদের মধ্যে ২৬ জন শিশু, ৪০ জন নারী ও ৩৮ জন পুরুষ ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
দুর্গম পাহাড়ি এসব এলাকায় পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পাশাপাশি মাইলের পর মাইল পায়ে হাঁটতে হয়। ফলে স্থানীয় বাসিন্দাদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা অন্যান্য চিকিৎসাকেন্দ্রে গিয়ে চিকিৎসা নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের অসুস্থতার সময় এ দুর্ভোগ আরও বেড়ে যায়। এমন বাস্তবতায় দুর্গম এলাকায় সরাসরি চিকিৎসা ক্যাম্প আয়োজন স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রৌনিন পাড়ার এক বাসিন্দা বলেন, তাদের গ্রামের কেউ অসুস্থ হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া অনেক কঠিন। সেনাবাহিনীর উদ্যোগে গ্রামেই বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এ ধরনের চিকিৎসাসেবা অত্যন্ত প্রয়োজনীয় বলেও তিনি জানান।
দূর্নীবার পাড়ার আরেক বাসিন্দা বলেন, দুর্গম এলাকা থেকে দূরে গিয়ে চিকিৎসা করানো তাদের জন্য কষ্টকর ও ব্যয়বহুল। গ্রামের কাছেই বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তাদের অনেক সুবিধা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসাসেবা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় স্থানীয় পর্যায়ে এ ধরনের চিকিৎসা ক্যাম্প মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হচ্ছে। একই সঙ্গে রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ সরবরাহের মাধ্যমে প্রত্যন্ত জনগোষ্ঠীর চিকিৎসাসেবার সুযোগও বাড়ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।