দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
![]()
জার্নাল প্রতিবেদক
‘শিক্ষকের কণ্ঠস্বরের মূল্যায়ন, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, বেতন-ভাতা, অবসরকালীন সুবিধা এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। সভায় প্রধান অতিথির বক্তব্যও দেন তিনি। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগ সাধন চাকমা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রাপ্রচাই মারমা, ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. আসলাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জেসমিন চাকমাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। আলোচনা সভা পরিচালনা করেন অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আক্কাস আলী।
সভায় বক্তব্য দিতে গিয়ে হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব প্রিয় বড়ুয়া বলেন, শিক্ষকরা একটি দেশের জাতীয় মুকুট। অথচ শিক্ষকদের নিজেদের অধিকার ও সম্মান আদায়ের জন্য রাজপথে নামতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের সম্মান ও মর্যাদা ধরে রাখতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত জাতীয়করণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হলে তাদের কষ্ট অনেকটাই দূর হবে। একই সঙ্গে সমাজে শিক্ষকদের মর্যাদাও আরও সুদৃঢ় হবে।
উত্তর রেংকাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উষা আলো চাকমা বলেন, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। অথচ সেই শিক্ষকদের নিজেদের অধিকার ও সম্মান আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে। অনেক শিক্ষক নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না। এমনকি অবসর-পরবর্তী পেনশন নিয়েও তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, শিক্ষকরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে আসছেন—এটি কোনো দেশের জন্যই সুখকর বিষয় নয়। সরকার শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। খুব দ্রুত শিক্ষকদের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা শুধু শিক্ষকদের স্বার্থের বিষয় নয়; এর সঙ্গে শিক্ষার মান ও ভবিষ্যৎ প্রজন্মের বিকাশও সরাসরি জড়িত। তাই শিক্ষক সমাজের দীর্ঘদিনের সমস্যা, বেতন-ভাতা, অবসরকালীন সুবিধা এবং পেশাগত নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।