পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
![]()
জার্নাল প্রতিবেদক
‘Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, ইউআরসি কর্মকর্তা মো. নুরুল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুশমিতা ত্রিপুরা, পানছড়ি সরকারি কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ দত্ত চাকমা, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল কাসেম, পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জমিন চাকমাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একজন শিক্ষক যেন সম্মানজনক ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা শিক্ষাব্যবস্থার উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।
বক্তারা আরও বলেন, গত ৬০ বছর ধরে শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষার যে ধারাবাহিক প্রচেষ্টা চলছে, তা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। শিক্ষক সমাজের পেশাগত উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।