দীঘিনালায় সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার

দীঘিনালায় সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার

দীঘিনালায় সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালায় সাধনাটিলা বনবিহারে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও পাহাড়ের সার্বিক উন্নয়নে সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ। এ সময় তিনি পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক আস্থার পরিবেশ সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্যে বিজিবি অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ের মানুষের আস্থা অর্জন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নেও কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, অসহায় মানুষের আর্থিক সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতার মতো জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করে পাহাড়ে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

বিজিবির বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের বিবরণ তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ জানান, গত ২৬ অক্টোবর দীঘিনালা উপজেলার ১০টি বৌদ্ধবিহারে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া দীঘিনালা জুম্ম ব্যান্ড দলকে পোশাক ও বাদ্যযন্ত্র উপহার দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সাধনাটিলা বনবিহারের প্রয়োজন বিবেচনায় একটি স্টিলের আলমারি ও দুটি ফ্যান উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও প্রয়োজন পূরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

নিজের সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ধর্মীয় এ আয়োজনে উপস্থিত হতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষ তাঁর কাছে ভাই-বোনের মতো। তাদের সঙ্গে নিয়েই সমাজ, ইউনিয়ন এবং দেশের উন্নয়নে কাজ করতে চান তিনি।

অনুষ্ঠানে সাধনাটিলা বনবিহারের সভাপতি ও চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, বৌদ্ধ ভিক্ষুসংঘের বিভিন্ন পর্যায়ের ধর্মীয় গুরু, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৭ বিজিবি অধিনায়ক।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর পাশে থাকার আহ্বান জানিয়ে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *