বান্দরবানে সেনাবাহিনীর দুই দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) শুরু হয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পর্যন্ত চলা এ ক্যাম্পে সামরিক ও বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসক দল বান্দরবানের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা প্রদান করেন।
বান্দরবান রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সামরিক ও বেসামরিক মিলিয়ে মোট ৩০ জন চিকিৎসক চিকিৎসাসেবা দেন। মেডিসিন, শিশু, স্ত্রীরোগ ও প্রসূতি, চর্ম ও যৌনরোগ, চক্ষু এবং নাক-কান-গলা রোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ক্যাম্পে রোগীদের পরামর্শ ও চিকিৎসাসেবা দেন।
দুই দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৪ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ক্যাম্পে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ দেওয়া হয়। ফলে বিভিন্ন রোগে আক্রান্ত সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে পাওয়ার সুযোগ পান।
সংশ্লিষ্টরা জানান, বান্দরবান জেলার সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং প্রত্যন্ত ও দুর্গম এলাকার জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোই এ মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য। পাহাড়ি জেলার দুর্গম এলাকার অনেক মানুষের পক্ষে দূরের শহরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া ও চিকিৎসা করানো কঠিন হয়ে পড়ে। এ বাস্তবতায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এমন আয়োজন তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা নতুনপাড়া এলাকার বাসিন্দা নুর আলম বলেন, দীর্ঘদিন ধরে তিনি অ্যালার্জির সমস্যায় ভুগছেন। বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করলেও ওষুধ খাওয়ার সময় পর্যন্ত ভালো থাকেন। ওষুধ শেষ হলে আবার চুলকানি বেড়ে যায়। তাই এবার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে তিনি মেডিকেল ক্যাম্পে এসেছেন। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে বেশ কিছু ওষুধ পেয়েছেন বলেও জানান তিনি।
কুহালং ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম জানান, প্রায় দেড় মাস আগে তাঁর ডান পা ভেঙে যায়। এরপর চিকিৎসার জন্য তিনি ক্যাম্পে আসেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি বিনামূল্যে প্রায় এক হাজার টাকা মূল্যের ওষুধ পেয়েছেন। এতে সন্তোষ প্রকাশ করে চিকিৎসক ও আয়োজকদের জন্য দোয়া করেন তিনি।
বান্দরবান ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার সাংবাদিকদের বলেন, বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের সহযোগিতায় এ বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় কয়েকটি বিশেষজ্ঞ মেডিকেল টিমের সমন্বয়ে দুই দিনব্যাপী এ ক্যাম্প পরিচালিত হয়েছে।
তিনি বলেন, বিশেষ করে বান্দরবানের প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে দুর্গম এলাকার অনেক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
বান্দরবানের পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবার সুযোগ বিস্তৃত করার ক্ষেত্রে সেনাবাহিনীর এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয় পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক, পরীক্ষা-নিরীক্ষা ও বিনামূল্যে ওষুধের ব্যবস্থা থাকায় আর্থিকভাবে অসচ্ছল এবং দূরবর্তী এলাকার মানুষের জন্য চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ হয়েছে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকলে দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তা আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।