স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে সেনাবাহিনী, মহালছড়িতে প্রশিক্ষণ শেষে ৬৭ জনের মাঝে ছাগল ও হাঁস-মুরগি বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
পাহাড়ের দরিদ্র, সুবিধাবঞ্চিত ও বেকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ এবং উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ৬৭ জন পাহাড়ি ও বাঙ্গালি নারী-পুরুষের মাঝে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করা হয়েছে।
রবিবার শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মহালছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ৬৭ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনকে জীবিকা হিসেবে গ্রহণ, পারিবারিক আয় বৃদ্ধি এবং নিজস্ব উদ্যোগে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে ও তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং এসব খাতের মাধ্যমে কীভাবে পরিবারের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা যায়, সে বিষয়ে ধারণা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সূপর্ণা দে শম্পুসহ আরও তিনজন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তা করতে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করা হয়। মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন আজিমুর রহমান প্রশিক্ষণার্থীদের হাতে এসব গবাদিপশু ও গৃহপালিত পাখি তুলে দেন।
প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের এ উদ্যোগের ফলে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় পশু ও পাখি পালন শুরু করার সুযোগ পাবেন। এতে পরিবারভিত্তিক আয়ের নতুন উৎস তৈরি, বেকারত্ব হ্রাস এবং স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে প্রান্তিক পরিবারের নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও পরিবারের আয় বৃদ্ধিতেও এ উদ্যোগ সহায়ক হতে পারে।
বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন দুর্গম ও প্রান্তিক এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচি স্থানীয় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন এবং স্বাবলম্বী হওয়ার পথ সুগম করতে একটি উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।