কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চমবার চাকা প্রতীকের জয়
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) সিবিএ নির্বাচনে ‘চাকা’ প্রতীক নিয়ে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছে। বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ‘চাকা’ প্রতীক ১০১ ভোট পেয়ে জয়লাভ করে। এর প্রতিদ্বন্দ্বী ‘ছাতা’ প্রতীক পেয়েছে ১০ ভোট।
কেপিএমের শ্রমিক-কর্মচারী চিত্তবিনোদন ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের ‘চাকা’ প্রতীকের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে কেপিএম লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়নের ‘ছাতা’ প্রতীক।
নির্বাচনে কেপিএমের মোট ভোটার ছিলেন ১১৭ জন। এর মধ্যে ১১৬টি ব্যালট ইস্যু করা হয়। ভোট গণনা শেষে ১১১টি ভোট বৈধ হিসেবে গণ্য হয় এবং পাঁচটি ব্যালট বাতিল বা নষ্ট হয়। বৈধ ভোটের মধ্যে ‘চাকা’ প্রতীক ১০১টি এবং ‘ছাতা’ প্রতীক ১০টি ভোট পায়।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় শ্রম দপ্তর, আগ্রাবাদ, চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সাব্বির ভূঁইয়া। ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর ‘চাকা’ প্রতীকের সমর্থক শ্রমিক-কর্মচারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিজয়ী সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, শ্রমিক-কর্মচারীরা তাঁদের ওপর যে দায়িত্ব ও আস্থা অর্পণ করেছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করা হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি কর্মপরিবেশের উন্নয়ন, কেপিএমের স্বার্থ সংরক্ষণ এবং প্রতিষ্ঠানের উৎপাদন ও অগ্রগতিতে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
কেপিএমের গুরুত্বপূর্ণ এ শ্রমিক সংগঠনের নির্বাচনে টানা পঞ্চমবারের মতো একই সংগঠনের জয় শ্রমিক-কর্মচারীদের মধ্যে তাদের প্রতি বিদ্যমান সমর্থনের ধারাবাহিকতাকে তুলে ধরেছে। নির্বাচনের ফলাফল ঘিরে বিজয়ী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, উপপ্রধান রসায়নবিদ শামীম আহমেদ ও কেপিএম কর্মকর্তা আসিফ মাইনুদ্দিন।
এ সময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহদুল হাসান রুবেল, কাপ্তাই উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।