শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মহালছড়ি সেনা জোন ও মন্দির কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে শারদীয় দুর্গাপূজা ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা, সম্প্রীতি ও সার্বিক সহযোগিতা বিষয়ে বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সেনাবাহিনীর মহালছড়ি জোনের আওতাধীন মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির।

সভায় মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, ভুয়াছড়ি সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব, বিজিতলার আকবড়ি পাড়া শ্রী শ্রী শিব মন্দির এবং জংলী টিলার থানা চন্দ্রপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি, সহসভাপতি, আহ্বায়ক ও সদস্য সচিবসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, মন্দির ও পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির বলেন, মহালছড়িতে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপন করতে হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মহালছড়ি জোনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট মন্দির কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।