টেকনাফে পাহাড়ি মাটি পাচারের ডাম্পারের ধাক্কায় শতবর্ষী বৃদ্ধ নিহত
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে পাহাড়ি মাটি পরিবহনের সময় ডাম্পারের ধাক্কায় আবুল হাশেম (প্রায় ১০০) নামে এক শতবর্ষী বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের পানখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানখালী এলাকায় পাহাড়ি মাটি বোঝাই একটি ডাম্পার যাওয়ার সময় আবুল হাশেমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
নিহত আবুল হাশেম পানখালী এলাকার মৃত আব্দুল কাদের ও মৃত সোনা বানুর ছেলে। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৮ মেয়ে, অসংখ্য নাতি-নাতনি ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
নিহতের স্বজনরা জানান, ডাম্পারের ধাক্কায় তাঁর হাত, কোমর ও পায়ে গুরুতর আঘাত লাগে। শরীরের বিভিন্ন স্থানেও জখম হয় তাঁর।
স্থানীয় ইউপি সদস্য হোসাইন আহমদ বলেন, মাটি বোঝাই ডাম্পারের ধাক্কায় এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ির সামনে দিয়ে পাহাড়ি মাটি পরিবহনের সময় ডাম্পারটি তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য আবেদন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিধি অনুযায়ী লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।