খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা সদর উপজেলার, মাঠজুড়ে ভ্রাতৃত্বের বার্তা
![]()
জার্নাল প্রতিবেদক
পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত ‘খাগড়াছড়ি সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শিরোপা জিতেছে খাগড়াছড়ি সদর উপজেলা দল।
বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পানছড়ি উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদর উপজেলা। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এবং সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়ামের গ্যালারি।
মাঠের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার পাশাপাশি পুরো আয়োজনজুড়ে ছড়িয়ে পড়ে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের বার্তা।
ফাইনাল ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় খেলা। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে দুটি গোল আদায় করে নেয় খাগড়াছড়ি সদর উপজেলা দল। শেষ পর্যন্ত পানছড়ি উপজেলা দল আর গোল শোধ করতে না পারায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সদর উপজেলা।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোঃ মোর্তোজা আলী খান এবং খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টের আয়োজকদের মতে, খেলাধুলা কেবল বিনোদন বা জয়-পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব ও দলগত দায়িত্ববোধ গড়ে তোলার কার্যকর মাধ্যম। বিশেষ করে বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জনগোষ্ঠীর বসবাসের অঞ্চল খাগড়াছড়িতে এ ধরনের ক্রীড়া আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি, যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
ফাইনাল ম্যাচের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে বাড়তি আনন্দের সৃষ্টি করে। অতিথিরা এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

খাগড়াছড়ি সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মধ্য দিয়ে তরুণ খেলোয়াড়দের প্রতিভা প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন উপজেলা ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বৃহত্তর পরিসরে খেলাধুলার মাধ্যমে ঐক্য, সহনশীলতা ও সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজকেরা আশা করছেন, এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে খাগড়াছড়ির তরুণদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়বে এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারের সুযোগ তৈরি হবে। চ্যাম্পিয়ন সদর উপজেলা ও রানারআপ পানছড়ি দলসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে অভিনন্দন জানান সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, খেলাধুলার ইতিবাচক চর্চা অব্যাহত রেখে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই বার্তা ছড়িয়ে পড়বে পুরো পার্বত্য জেলায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।