জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ
![]()
জার্নাল প্রতিবেদক
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা অর্জন করেছেন কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম, এমফিল, পিএইচডি, এইসি। শিক্ষা ক্ষেত্রে অবদান, গবেষণায় সাফল্য এবং শিক্ষার মানোন্নয়নে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
গত ৫ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও দুই লাখ টাকার চেক তুলে দেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরে শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং জাতি গঠনে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল, কৃষি, প্রকৌশল ও অন্যান্য বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন।
অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিমের শিক্ষাজীবনও কৃতিত্বপূর্ণ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি শহীদ শামসুল্লাহ হল পদক লাভ করেন। পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। এরপর CAS-TWAS President’s Fellowship Award-এর মাধ্যমে চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর ১১টি গবেষণাপত্র দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
২০১৬ সালে প্রতিষ্ঠিত রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ কক্সবাজার জেলার শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অধ্যক্ষ মো. আব্দুর রহিমের নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ এবং আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে। তাঁর জাতীয় পর্যায়ের এ অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও একাডেমিক অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।
অধ্যক্ষের এ সম্মাননা অর্জনে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাই আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সংশ্লিষ্টদের মতে, শিক্ষকদের মেধা, গবেষণা ও পেশাগত অবদানের জাতীয় স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত মানোন্নয়নের প্রচেষ্টাকে উৎসাহিত করে। একই সঙ্গে এ অর্জন কক্সবাজার অঞ্চলের শিক্ষাঙ্গনের জন্যও গর্বের বিষয়।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা অর্জনের মধ্য দিয়ে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা-অঙ্গনে একটি উল্লেখযোগ্য সাফল্য যুক্ত হলো। শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় এ স্বীকৃতি ভবিষ্যতে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।