রিয়াদে একের পর এক হামলা, অনিশ্চয়তায় আন্তর্জাতিক তেল সম্মেলন
![]()
জার্নাল প্রতিবেদক
বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় একের পর এক হামলার মধ্যে এবার রাজধানী রিয়াদ ও বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে।
এর ঠিক আগমুহূর্তে শুরু হচ্ছে পাঁচ দিনের আন্তর্জাতিক তেল সম্মেলন। ফলে গুরুত্বপূর্ণ এ আয়োজন ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
রোববার (১১ অক্টোবর) থেকে রিয়াদে শুরু হচ্ছে পাঁচ দিনের ২৫তম ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেস। ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এ সম্মেলন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৯৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে এ আয়োজন।
এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ হাজার জ্বালানি খাতের নেতা, মন্ত্রী, কোম্পানির প্রধান নির্বাহী, নীতিনির্ধারক, প্রকৌশলী ও উদ্ভাবকের অংশ নেওয়ার কথা রয়েছে।
‘সবার জন্য জ্বালানির ভবিষ্যৎ বিনির্মাণের পথ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিশ্ব জ্বালানি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০০ জন মন্ত্রী ও ৮০০ বক্তা অংশ নেবেন।
সম্মেলনের পাশাপাশি ৫০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৫০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের আয়োজনে এবং ডব্লিউপিসি এনার্জির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে শেল, এক্সনমোবিল, বিপি ও টোটালএনার্জিসের মতো বড় জ্বালানি কোম্পানির প্রধান নির্বাহীদের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে রিয়াদে হামলার পর তারা সেখানে যাওয়ার ঝুঁকি নেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সম্মেলন নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, গত এক মাসে সৌদি আরবের তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনাগুলোতে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
গত মাসে দেশটির ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা হয়। এর পর গুরুত্বপূর্ণ এই পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছিল।
এ পাইপলাইনের মাধ্যমে সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে দেশের পূর্বাঞ্চল থেকে তেল লোহিত সাগরের উপকূলে নিয়ে যায়। পরে সেখান থেকে জাহাজে করে বিভিন্ন দেশে তেল রপ্তানি করা হয়।
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে বাধা তৈরি হওয়ায় সৌদি আরব বিকল্প এই পথের ওপর নির্ভরতা বাড়িয়েছিল।
তবে, হুতি বিদ্রোহীদের হামলায় এবার সেই বিকল্প পথও হুমকির মুখে পড়েছে। এতে সৌদি আরবের তেল পরিবহনব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সৌদি আরবের জ্বালানি স্থাপনা ও তেল পরিবহনের বিকল্প পথগুলোতে হামলা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে এর প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডব্লিউপিসি এনার্জির প্রেসিডেন্ট পেদ্রো মিরাস আশা প্রকাশ করেছেন, রিয়াদে এ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক জ্বালানি খাতের বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা ও সহযোগিতা বাড়বে।
অক্টোবরে নতুন সূচিতে সম্মেলন আয়োজনের ফলে বিভিন্ন দেশের আরও বেশি প্রতিনিধি অংশ নিতে পারবেন বলেও জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।