গুজব ও সাম্প্রদায়িক উসকানি মোকাবিলায় বান্দরবানে বিজিবির নিরাপত্তা জোরদার
![]()
জার্নাল প্রতিবেদক
গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি মোকাবিলায় বান্দরবানে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাহিনীটি।
শনিবার দুপুরে বান্দরবান জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল রোবায়েত জামিল। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
কর্নেল রোবায়েত জামিল বলেন, গুজব ও অপতথ্যের বিষয়ে বিজিবি সতর্ক নজরদারি রাখছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে মিথ্যা তথ্য বা উসকানিমূলক প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কোনো তথ্যের সত্যতা যাচাই না করে তা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বা উসকানিমূলক বক্তব্যের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। যেকোনো সন্দেহজনক তথ্য বা পরিস্থিতি দেখা গেলে তা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে বলিপাড়া (৩৮ বিজিবি) জোন অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবির এ তৎপরতার লক্ষ্য হলো দুর্গাপূজাকে ঘিরে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং বান্দরবানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।