দুর্গম পাহাড়ের অদম্য তরুণ জীবন বাবু চাকমার পাশে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী এলাকার মেধাবী তরুণ জীবন বাবু চাকমা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন। নানা প্রতিকূলতা পেরিয়ে তাঁর এ সাফল্য স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তাঁর এই অর্জনকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।
জীবন বাবু চাকমা দুল্যাতলী এলাকার বাসিন্দা দেঙ্গা চাকমার ছেলে। অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও উচ্চশিক্ষা অর্জনের দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেন। দুর্গম পাহাড়ি এলাকার একজন তরুণের এ সাফল্যকে ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখছে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।
জীবন বাবুর সাফল্যকে উৎসাহিত করা এবং উচ্চশিক্ষার পথে তাঁর এগিয়ে চলার প্রত্যয়কে আরও দৃঢ় করতে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে জোন সদরে মতবিনিময় করেন। এ সময় জোনের পক্ষ থেকে জীবন বাবুকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ শিক্ষাজীবন ও লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, জীবন বাবুর এ অর্জন অত্যন্ত প্রশংসনীয়। তাঁর উচ্চশিক্ষা অর্জনের সংকল্পকে এগিয়ে নিতে জোন সব সময়ের মতো সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। দুর্গম এলাকার শিক্ষার্থীরা যেন নিজেদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ কাজে লাগাতে পারে, সে ক্ষেত্রে এমন সাফল্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
মতবিনিময়কালে জোন অধিনায়ক আশা প্রকাশ করেন, জীবন বাবু চাকমার এই প্রচেষ্টা ও সাফল্য লক্ষ্মীছড়ি উপজেলার অন্যান্য শিক্ষার্থীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর এই অর্জন থেকে অনুপ্রাণিত হয়ে আরও শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন দেখবে এবং তা বাস্তবায়নে অধ্যবসায়ী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জীবন বাবুর উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষাজীবনের সফলতা কামনা করেন তিনি।
দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার সুযোগ ও উচ্চশিক্ষায় অগ্রযাত্রা তরুণদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জীবন বাবু চাকমার এই সাফল্য যেমন তাঁর ব্যক্তিগত অধ্যবসায়ের প্রতিফলন, তেমনি লক্ষ্মীছড়ির অন্যান্য শিক্ষার্থীর জন্যও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।