পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ১২ বছরের তানিয়ার
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়িতে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তানিয়া আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া পানছড়ি উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে তানিয়াকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিবি হাসপাতালে নিয়ে যান। পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজওয়ান হোসেন তানিয়াকে মৃত ঘোষণা করেন।
তানিয়ার নানা আমিজুল হক জানান, নাতনি তানিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনায় আহত বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাককে বিজিবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুইমারার শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই আহত ডেইজি আক্তার (৩৫) ও আখি আক্তার (১৭) পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
এদিকে, সড়ক দুর্ঘটনায় তানিয়ার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয় এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।