সেনাবাহিনীর সহায়তায় নির্বাণপুর বনভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান ও বেইন ঘরের উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির সদর উপজেলার ৪ নম্বর কুতুকছড়ি ইউনিয়নের নির্বাণপুর বনভাবনা কেন্দ্রে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২৮তম দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ এবং বেইন ঘরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় এ আয়োজনে সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে পাশে ছিল বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৬ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে বেইন ঘরের উদ্বোধন করেন বনভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ অতীশার মহাস্থবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি অমল কান্তি চাকমা।
দিনব্যাপী আয়োজনে সূত্রপাঠ, বুদ্ধপূজা, ধর্মীয় সংগীত পরিবেশন, শোভাযাত্রা, কঠিন চীবর দান, ধর্মীয় আলোচনা ও অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলনের আয়োজন করা হয়। ভক্ত ও পুণ্যার্থীদের অংশগ্রহণে পুরো বনভাবনা কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সেনাবাহিনীর নানিয়ারচর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমানের নির্দেশনায় অনুষ্ঠানটি পরিদর্শন করেন কুতুকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম রাফসান জাবির। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজকদের মিষ্টি উপহার দেওয়া হয়।
ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুর্গম পাহাড়ি এলাকায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আয়োজনে নিরাপত্তা ও সহযোগিতা প্রদানের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থাকার ভূমিকা পালন করছে।
স্থানীয়দের কাছে ধর্মীয় উৎসব শুধু আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; এসব আয়োজন পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধনকে আরও দৃঢ় করে। এ ধরনের অনুষ্ঠানে সেনাবাহিনীর সহযোগিতা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।