সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম জনপদের মানুষের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখছে বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদে মানুষের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির রামগড়ে অসচ্ছল পরিবার, শিক্ষার্থী, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে রামগড় জোনের ৪৩ বিজিবি। ঘর নির্মাণের জন্য ঢেউটিন, উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী এবং ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে স্থানীয় মানুষের প্রয়োজন মেটাতে এগিয়ে এসেছে সীমান্তরক্ষী এ বাহিনী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রামগড় জোন সদর দপ্তরে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম-এর উপস্থিতিতে এসব সহায়তা বিতরণ করা হয়।
এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালি—উভয় সম্প্রদায়ের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়।

সহায়তার আওতায় ঘর নির্মাণের জন্য দুস্থ পরিবারগুলোকে ঢেউটিন, উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক অনুদান এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপ ও বৌদ্ধবিহারে আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় আর্থিক সীমাবদ্ধতা, শিক্ষা ও চিকিৎসার ব্যয় এবং বাসস্থানের সংকট অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় এ ধরনের সহায়তা অসচ্ছল পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর পাশাপাশি শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালিয়ে নিতে সহায়ক হতে পারে।

৪৩ বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-ম্প্রীতি বজায় রাখা এবং আর্থসামাজিক উন্নয়নেও বাহিনীটি কাজ করে যাচ্ছে। কৃষি, শিক্ষা, ত্রাণ, চিকিৎসা ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বিজিবি।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানুষের প্রয়োজন ও সংকটের সময়ে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ পাহাড়ি জনপদে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ জোরদারে ভূমিকা রাখতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।