রাঙামাটির বরকলে বিজিবির অভিযান, লঞ্চ থেকে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বরকলে চোরাচালানবিরোধী অভিযানে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর শাকরা পোস্টের সামনে একটি সিভিল লঞ্চে তল্লাশি চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত তৎপরতার অংশ হিসেবে বরকল ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল শাকরা পোস্টের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিভিল লঞ্চে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ‘কেডি ৫০’ হুইস্কি উদ্ধার করা হয়।
জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। প্রতিটি বোতলের মূল্য ১ হাজার ৫০০ টাকা হিসাবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ পণ্য ও মাদকের প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।