জাকির নায়েককে ভারতের হাতে তুলে না দেওয়ার সিদ্ধান্তে অনড় মালয়েশিয়া
![]()
জার্নাল প্রতিবেদক
বিশ্বখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে সমর্পণ বা প্রত্যর্পণ না করার পূর্বঘোষিত সিদ্ধান্তে অনড় রয়েছে মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধ (Extradition Request) আসেনি এবং জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে মালয়েশিয়া কোনো প্রতিশ্রুতিও দেয়নি।
মালয়েশিয়ার সংসদে সংসদ সদস্য ড. আহমদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানায়। মারজুক শারি ভারতের অনুরোধের সর্বশেষ অগ্রগতি জানতে চেয়েছিলেন।
সংসদে লিখিত জবাবে মন্ত্রণালয় জানায়, জাকির নায়েককে ফেরত চেয়ে ভারতের কাছ থেকে প্রথম আনুষ্ঠানিক অনুরোধ এসেছিল ২০১৮ সালের ১৯ জানুয়ারি। পরবর্তীতে ২০২০ সালের ২৯ মে ভারত সরকার এক কূটনৈতিক পত্রের (Diplomatic Note) মাধ্যমে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানায়।
তবে মালয়েশিয়া সরকার অত্যন্ত স্পষ্টভাবে তাদের অবস্থান জানিয়ে দেয়। মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়, ‘মালয়েশিয়া সরকার ড. জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং, তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়নি।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, ২০১০ সালে ভারতের সাথে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ-৬ (Article 6) এবং দেশটির নিজের ‘প্রত্যর্পণ আইন ১৯৯২’ (Extradition Act 1992)-এর বিধান অনুযায়ী মালয়েশিয়া এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তবে সংসদ সদস্য মারজুক শারি জানতে চেয়েছিলেন, ভারতের জমা দেওয়া নথিপত্র ও প্রমাণাদি মালয়েশিয়ার প্রত্যর্পণ আইন এবং দ্বিপাক্ষিক চুক্তির শর্ত পূরণ করেছে কি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেওয়া থেকে বিরত থাকে।
উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার গুলশানে হোলি আর্টিসান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার পর তাঁর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান এবং অর্থ পাচারের অভিযোগে ভারতে মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে ২০১৯ সালের জুনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তারা মালয়েশিয়ার সাথে জাকির নায়েকের প্রত্যর্পণ ইস্যুতে আলোচনা অব্যাহত রাখবে। একই মাসে ভারতের একটি আদালত জাকির নায়েককে হাজির হওয়ার নির্দেশও দিয়েছিলেন। কিন্তু মালয়েশিয়া বরাবরই ডা. জাকির নায়েককে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তের কথা জানিয়ে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।