সেন্টমার্টিনে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ মহড়া
![]()
জার্নাল প্রতিবেদক
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, পর্যটনকেন্দ্রিক হোটেল-রিসোর্টের নিরাপত্তা নিশ্চিত এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়াতে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন পর্যটনকেন্দ্রিক হোটেল, রিসোর্ট ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সেন্টমার্টিন দ্বীপে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ বিশেষ অগ্নিনির্বাপণ মহড়া ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
মহড়ায় অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্ঘটনা মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুতি, সচেতনতা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা যাচাই করা হয়। পাশাপাশি আগুন লাগার পর কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, কীভাবে নিরাপদে মানুষকে সরিয়ে নিতে হবে এবং প্রাথমিক পর্যায়ে অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করতে হবে, সে বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।
এ সময় সেন্টমার্টিনের বিভিন্ন হোটেল ও রিসোর্টের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, আগুন লাগলে প্রাথমিক করণীয়, অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

বিশেষ করে পর্যটন মৌসুমে দ্বীপে দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়ায় হোটেল, রিসোর্ট ও অন্যান্য পর্যটন স্থাপনায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সহযোগিতা নেওয়ার বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপের পর্যটন পরিবেশ নিরাপদ রাখা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের সুরক্ষা নিশ্চিত করা কোস্ট গার্ডের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যেই অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের নিরাপত্তা, স্থানীয় জনগণের জানমালের সুরক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের জনসচেতনতামূলক ও নিরাপত্তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, পর্যটননির্ভর সেন্টমার্টিন দ্বীপে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি হোটেল-রিসোর্ট কর্তৃপক্ষ, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আগুন প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা তৈরিতেও এটি কার্যকর অবদান রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।