পানছড়িতে জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতিসহ ৯ সমিতিকে সম্মাননা
![]()
জার্নাল প্রতিবেদক
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায় সমিতিসহ উপজেলার মোট নয়টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রূপম চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের প্রতিনিধি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশেদুল কবির।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ এম এ বাসার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, পানছড়ি ফলজ বাগান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম এবং পোড়াবাড়ি সমবায় সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরডিবির পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. রাশেদুল কবির বলেন, সমবায় হচ্ছে দারিদ্র্য দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনা করতে হবে।
সভা শেষে পানছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া উপজেলার আরও আটটি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্য এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।