কাপ্তাইয়ে লোকালয় থেকে ১৫ কেজির অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার করা ১২ ফুট দীর্ঘ ও ১৫ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় রেসকিউ টিমের সমন্বিত উদ্যোগে সাপটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কাপ্তাই জাতীয় উদ্যানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইমরুল কায়েসের উপস্থিতিতে অজগরটি অবমুক্ত করা হয়।
এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি মারমা পাড়া ছাত্রাবাস এলাকায় অজগর সাপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি উপজেলা রেসকিউ টিমের সদস্য মো. সাকিবকে জানান। তিনি কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনকে বিষয়টি অবহিত করেন। তাঁর মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধারের উদ্যোগ নেন।
রেসকিউ টিমের সদস্য মো. সাকিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর তাঁরা অজগরটি উদ্ধার করেন। পরে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও রেসকিউ টিমের সমন্বয়ে সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণ কার্যক্রমে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক বড়ুয়া এবং উপজেলা রেসকিউ টিম ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইমরুল কায়েস জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৫ কেজি। সাপটিকে তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
লোকালয়ে বন্যপ্রাণীর উপস্থিতিতে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের খবর দেওয়া জরুরি। এ ধরনের সমন্বিত উদ্ধার কার্যক্রম মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।