‘জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ছে সরকার, আইএমএফের শর্ত সমন্বয়ে আলোচনা চলছে’

‘জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ছে সরকার, আইএমএফের শর্ত সমন্বয়ে আলোচনা চলছে’

‘জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ছে সরকার, আইএমএফের শর্ত সমন্বয়ে আলোচনা চলছে’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আগামী জানুয়ারির শুরুতে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি অব্যাহত রেখে আগের সরকারের সময় সম্মত হওয়া শর্তগুলো বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জনগণের স্বার্থ বিবেচনায় সমন্বয় করতে চায় সরকার। এ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (১৫ নভেম্বর) সকালে কক্সবাজারের একটি হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় আয়োজিত প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী। পরে সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণ কর্মসূচি বাতিল বা সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই। তবে আগের সরকারের সময় যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। হঠাৎ এসব শর্ত কার্যকর করা হলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে। পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি জানান, আইএমএফের সঙ্গে বিভিন্ন শর্ত ও বিষয় নিয়ে দুই পক্ষের মতপার্থক্য নিরসনে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় করা হবে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক, এডিবি ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের কাজ চলছে। উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কর্মসূচির মধ্যে সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তাই দেশের অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে এসব সংস্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আগামী জানুয়ারির শুরু থেকে সরকার আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে। বৈদেশিক ঋণের ক্রমবর্ধমান পরিশোধের চাপ, সুদ ব্যয় বৃদ্ধি এবং উন্নয়ন অর্থায়নের উৎসে পরিবর্তনের প্রেক্ষাপটে ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ।

দেশে চলমান উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল ও উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রকল্প শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। যারা প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হবেন, তাঁদের জবাবদিহির আওতায় আনা হবে।

সম্মেলনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed